গুগলের বিরুদ্ধে অ্যারিজোনা অঙ্গরাজ্যের মামলা

২৯ মে, ২০২০ ০০:০৭  
অবৈধভাবে এবং বিভ্রান্তিকর উপারে গ্রাহকের লোকেশনের তথ্য সংগ্রহ করার অভিযোগে গুগলের বিরুদ্ধে ভোক্তা জালিয়াতির মামলা করেছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য। খবর সিনেট ও রয়টার্স। গুগলের আয়ের অধিকাংশই আসে তাদের বিজ্ঞাপন থেকে। আর এই বিজ্ঞাপনের জন্য গ্রাহককে লক্ষ্য করতে গুগল তার ব্যবহারকারীদের মোবাইল ডিভাইস থেকে অবস্থানসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করে। আর এই কাজগুলো করা হয় গ্রাহকের অজান্তে। গ্রাহক তার মোবাইলে লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখলেও গুগল সেটি গোপনে চালু রাখে, এক টুইটে এমন অভিযোগ করেছে অ্যারিজোনা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মার্ক ব্রনোভিচ। মামলায় ক্ষতির কথা বলা হলেও আর্থিক পরিমান উল্লেখ করা হয়নি। অভিযোগটি ভিত্তিহীন হিসেবে দাবি করে গুগল এক বিবৃতি দিয়েছে। সেখানে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং এ বিষয়ে স্বচ্ছতার সাথে গ্রাহককে জানানো হয় বলে দাবি করেছে গুগল। ডিবিটেক/বিএমটি